সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সাফ ফুটবল
আগামী ২০ সেপ্টেম্বর থেকে হওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সাফ ফুটবল শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই প্রতিযোগিতা হবে।
রোববার ঢাকায় দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, “প্রায় একই সময়ে এএফসি প্রেসিডেন্টস কাপ ও এএফসি কাপ হবে বলে আমরা সাফ ফুটবল এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরি প্রতিযোগিতার দিন-ক্ষণও চূড়ান্ত করা হবে।”
এই সভায় সাফের সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো এবং সংগঠনটির কয়েক জন সদস্যও উপস্থিত ছিলেন।
১৭ থেকে ২৪ সেপ্টেম্বর এএফসি কাপ এবং ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর এএফসি প্রেসিডেন্টস কাপ হবে।
