বায়ার্নের অপেক্ষার অবসান
এক যুগ পর বায়ার্ন মিউনিখের ঘরে ইউরোপ-শ্রেষ্ঠত্বের আনন্দ। লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।
ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে এটা বায়ার্নের পঞ্চম শিরোপা। তারা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০১ সালে। গতবার ফাইনালে উঠলেও ঘরের মাঠ মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় টাইব্রেকারে হেরে যায় চেলসির কাছে।
প্রতিযোগিতার প্রথম ‘অল জার্মান’ ফাইনালে বিরতি পর্যন্ত কেউ গোলের দেখা পায়নি। প্রথম ৪৫ মিনিট গোল না হওয়া অবশ্য বিস্ময়করই। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে দু দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু বিরতির আগে খেলার বন্ধ্যাত্ব ঘোচেনি।
দুই দলের গোলরক্ষক, বায়ার্নের ম্যানুয়েল নয়্যার এবং বরুসিয়ার রোমান ওয়াইডেনফেলারের দুর্দান্ত নৈপুণ্যও প্রথমার্ধে গোল না হওয়ার জন্য দায়ী।
খেলার প্রথম সুযোগ পায় বরুসিয়া। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে চার গোল করা রবার্ট লেভানডস্কির ১৪ মিনিটে নেয়া জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে উঠিয়ে বায়ার্নকে বাঁচিয়ে দেন নয়্যার।
পরের মিনিটে নয়্যার আবার দলের পরিত্রাতা। এবার জাকুব ব্লাসজিকোস্কির জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বায়ার্নের গোলরক্ষক।
১৯ মিনিটে আবার বরুসিয়ার জন্য হতাশা। বক্সের ঠিক বাইরে থেকে নেয়া মার্কো রিউসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন নয়্যার।
তিন মিনিট পর বরুসিয়ার সামনে আরো একবার নয়্যারের ‘দেয়াল’। এবার বায়ার্নের দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বক্সের ভেতর থেকে নেয়া সোয়েন বেন্ডারের নিচু, বাঁক খাওয়ানো শট দারুণ দক্ষতায় গ্লাভসবন্দী করেন বায়ার্নের গোলরক্ষক।
প্রথমার্ধের মাঝামাঝি পর্যন্ত বরুসিয়ার দাপটে ওয়াইডেনফেলারকে বলতে গেলে বলই ধরতে হয়নি। তবে এরপরই আস্তে-আস্তে খেলার রাশ নিয়ে নেয় বায়ার্ন।
২৭ মিনিটে এক নিখুঁত ক্রস থেকে মারিও মান্দজুকিচের হেড ক্রসবারের ওপর দিয়ে তুলে বরুসিয়াকে রক্ষা করেন ওয়াইডেনফেলার।
তিন মিনিট পর সুবর্ণ সুযোগ নষ্ট করেন আরিয়েন রোবেন। প্রায় ফাঁকায় বল পেয়ে যাওয়া বায়ার্নের ডাচ উইঙ্গারের শট ওয়াইডেনফেলারের গায়ে লেগে ফিরে আসে।
৩৫ ও ৩৬ মিনিটে দুই দলের জন্যই হতাশাজনক অভিজ্ঞতা। প্রথমে ‘মার্কার’কে এড়িয়ে বক্সের মধ্যে ঢুকে পড়া লেভানডস্কিকে হতাশ করেন নয়্যার। পরের মিনিটে টমাস মুলারের ক্রস রোবেন ঠিক মতো আয়ত্তে নিতে পারেননি।
বিরতির মিনিট দুয়েক আগে আবার বায়ার্নের জন্য হতাশার নাম রোবেন। ওয়াইডেনফেলারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট ফিরে আসে বরুসিয়ার গোলরক্ষকের মুখে লেগে।
তবে ৬০ মিনিটে দলের প্রথম গোলে রোবেনের বড় অবদান। ফ্র্যাঙ্ক রিবেরির পাস ধরে রোবেনের নেয়া ক্রস প্রায় ফাঁকায় দাঁড়ানো মান্দজুকিচের জালে পাঠাতে সমস্যা হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগের আগের চার ম্যাচে গোল না খাওয়া বায়ার্ন অবশ্য এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি। ৮ মিনিট পরই সমতা নিয়ে আসে বরুসিয়া।
বক্সের মধ্যে রিউসকে দান্তে ফাউল করলে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। ঠাণ্ডা মাথায় নয়্যারকে বোকা বানিয়ে সুযোগটার সদ্ব্যবহার করেন ইলকে গেনডোগান।
৭১ মিনিটে আবার এগিয়ে যেতে পারতো বায়ার্ন। কিন্তু মুলারের পাস রোবেন পোস্টে ঠেলে দেয়ার ঠিক আগে অবিশ্বাস্যভাবে গোল লাইনের ওপর থেকে বিপদমুক্ত করেন নেভেন সুবোতিচ।
চার মিনিট পর ডেভিড আলাবার জোরালো শট ঠেকিয়ে বরুসিয়াকে আরো একবার রক্ষা করেন ওয়াইডেনফেলার।
শেষ পর্যন্ত পুরো ম্যাচে অজস্র সুযোগ নষ্ট করা রোবেন বায়ার্নের জয়সূচক গোলদাতা। ৮৯ মিনিটে বক্সের মধ্যে জটলায় রিবেরির ব্যাক হিল ধরে, গড়ানো শটে বল জালে পাঠিয়ে দলকে উল্লাসে ভাসিয়ে দেন তিনি।
গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে বায়ার্নের হারের অন্যতম কারণ ছিল টাইব্রেকারে রোবেনের লক্ষ্যভেদে ব্যর্থতা। এবার সেই রোবেনই জার্মানির সবচেয়ে সফল ক্লাবের জয়ের নায়ক।
