২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে হারিয়ে আতলেতিকো চ্যাম্পিয়ন

রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপের শিরোপা জিতে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 May 2013, 05:02 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

দীর্ঘ ১৪ বছর পর বিখ্যাত নগর-প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এটাই আতলেতিকোর প্রথম জয়। আর দশম কিংস কাপ শিরোপা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে শুধু ৪৪ ম্যাচ পর হেরেই যায়নি, কোচ জোসে মরিনিয়ো ও ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড আরো বড় লজ্জায় ফেলে দিয়েছে রিয়ালকে।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে স্প্যানিশ লা লিগার শিরোপা হারিয়েছে আগেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে। কিংস কাপই ছিল এ মৌসুমে রিয়ালের শিরোপা জয়ের শেষ সুযোগ।

স্পেনের সফলতম ক্লাবকে তাই শূন্য হাতে শেষ করতে হচ্ছে মৌসুম। রিয়ালে সম্ভবত মরিনিয়োর শেষ মৌসুমের সমাপ্তিও ব্যর্থতাকে সঙ্গী করে। দল তো হেরেছেই, ৭৫ মিনিটে প্রতিপক্ষকে দেয়া একটি ফ্রিকিকের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তাদের নির্ধারিত জায়গা থেকে বেরিয়ে এসে লাল কার্ড দেখেছেন তিনি।

অথচ রিয়ালের শুরুটা ছিল দুর্দান্ত। ১৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় তারা। তবে ৩৫ মিনিটে ডিয়েগো কস্তার গোলে সমতা ফেরায় আতলেতিকো।

এরপর একের পর এক আক্রমণ করে, বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি রিয়াল। অবশ্য দুর্ভাগ্যও সঙ্গী ছিল তাদের। রোনালদোর মাটি-ঘেঁষা ফ্রিকিক এবং মেসুত ওজিল ও করিম বেনজেমার জোরালো শট ফিরে এসেছে পোস্টে লেগে। আতলেতিকোর গোলরক্ষকও বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে রিয়ালের সামনে।

নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তারপর ৯৯ মিনিটে আতলেতিকোর সেই মাহেন্দ্রক্ষণ। মিরান্ডার হেড রিয়ালের জাল খুঁজে পেলে উল্লাসে ফেটে পড়ে আতলেতিকোর খেলোয়াড়-কর্মকর্তা-সমর্থকরা।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে রিয়ালের জন্য আরেকটি লজ্জা। বলের দখল নিতে গিয়ে আতলেতিকোর অধিনায়ক গ্যাবিকে লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে হলুদ কার্ডও পেয়েছিলেন পর্তুগিজ তারকা।

শুক্রবার রাতে রেফারি অবশ্য কার্ড দেখানোর ব্যাপারে ভীষণ ‘দরাজ’ ছিলেন। মরিনিয়ো-রোনালদো ছাড়াও শেষ মুহূর্তে অযথা সময় নষ্ট করায় গ্যাবিকেও লাল কার্ড দেখিয়েছেন তিনি। পুরো ম্যাচে হলুদ কার্ডের সংখ্যা ছিল ১৪টি।

রোনালদোকে লাল কার্ড দেখানোর পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত খেলোয়াড় ও কর্মকর্তারা ঢুকে পড়েন মাঠের ভেতরে। এ সময় গ্যালারি থেকে দর্শকের ছোড়া ঢিলে আঘাত পান আতলেতিকোর গোলরক্ষক।

খেলা শেষে গ্যাবি বলেন, “এই ম্যাচের জন্য আমরা ভীষণ পরিশ্রম করেছি। এটা তাদের জন্য, যারা ১৪ বছর ধরে রিয়ালের বিপক্ষে জয়ের অপেক্ষায় ছিলেন।”