জাতীয় দল থেকে ফার্ডিন্যান্ডের বিদায়
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড।
এক বিবৃতিতে ফার্ডিন্যান্ড বলেন, “অনেক চিন্তা-ভাবনা করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার এটাই সঠিক সময়।”
“৩৪ বছর বয়সে এসে বুঝতে পারছি, সরে গিয়ে তরুণ খেলোয়াড়দের (জাতীয় দলে) সুযোগ করে দেয়াই সঠিক হবে। এই সিদ্ধান্ত ক্লাব ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিতেও আমাকে সাহায্য করবে।”
প্রায় দুই বছর আগে, ২০১১ সালের ৪ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ২০১২ সালের ইউরোর বাছাইপর্বে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ফার্ডিন্যান্ড। জাতীয় দলের হয়ে ৮১টি ম্যাচ খেলেছেন তিনি।
