বৃহস্পতিবার আসছে ইরানের মহিলা ফুটবল দল
এএফসি মহিলা এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় আসছে ইরান।
আগামী ২১ মে থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে ইরান ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও ফিলিপাইন।
২১ মে থাইল্যান্ড, ২৩ মে ইরান ও ২৫ মে ফিলিপাইনের বিপক্ষে বাংলাদেশ খেলবে।
এই প্রতিযোগিতার প্রস্তুতি হিসাবে ভারতের পশ্চিমবঙ্গে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই ম্যাচে ৬-১ ও ৪-১ গোলে জেতার পর শেষ ম্যাচ গোলশূন্য ড্র করেছে তারা।
মহিলা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন জাপান, চীন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তাদের সঙ্গী হবে বাছাই পর্বের চার গ্রুপ চ্যাম্পিয়ন। তবে এশীয় অঞ্চলে মহিলা ফুটবলের প্রসারের লক্ষ্যে চার গ্রুপ রানার্স আপকেও চূড়ান্ত পর্বে সুযোগ দেয়ার চিন্তা-ভাবনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
