২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি খেলোয়াড়দের আন্দোলন

দলবদলের তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নেমেছেন হকি খেলোয়াড়রা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ঘোষণা দিয়ে জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন বলেন, “আমরা দলবদলের সুনির্দিষ্ট তারিখ চাই। হকি ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। নির্বাচনের কারণে দলবদল বন্ধ থাকতে পারে না। নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।”

দেশের অন্যতম সেরা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি বলেন, “শুধু নির্বাচন নিয়ে বসে থাকলে হবে না, আমাদের স্বার্থও দেখতে হবে। আমরা সবার আগে দলবদল চাই।”

খেলোয়াড়দের দাবিতে সাড়া দিয়ে দলবদলের আশ্বাস দিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। তিনি বলেন, “আশা করি জুনের মধ্যে ফেডারেশনের নির্বাচন হবে। তার এক সপ্তাহ পর দলবদল হবে। আর নির্বাচন পেছালে দলবদল এগিয়ে আনা হবে।”

“তবে খেলোয়াড়রা আন্দোলন করলেও ক্লাবগুলো এত তাড়াতাড়ি দলবদল চাচ্ছে না। তারা না চাইলে আমরা কী করতে পারি?”

বুধবার থেকে এশিয়া কাপ হকির প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও খেলোয়াড়দের আন্দোলনের কারণে তা স্থগিত করা হয়েছে।