২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপ চ্যাম্পিয়ন উইগানের অবনমন

এফএ কাপ জয়ের তিন দিন পর আর্সেনালের কাছে ৪-১ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমনের লজ্জায় পড়েছে উইগান অ্যাথলেটিক। ইংল্যান্ডের প্রথম দল হিসাবে একই মৌসুমে এমন বিপরীতমুখী অভিজ্ঞতা হল তাদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 May 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

তবে গত শনিবার উইগানের কাছে এফএ কাপের ফাইনালে ১-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি জয় পেয়েছে। রিডিংকে ২-০ গোলে হারিয়ে লিগ রানার্সআপ নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৮ ও ৭৮।

উইগানকে হারিয়ে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আর্সেনাল। ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে তারা। ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি ও ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

ইংলিশ লিগের প্রথম তিনটি দল চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে আর চতুর্থ দল বাছাইপর্বে খেলার সুযোগ পাবে।

উইগানের (৩৫ পয়েন্ট) আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে রিডিং (২৮) ও কুইন্স পার্ক রেঞ্জার্সের (২৫)। সব দলের আর একটি করে খেলা বাকি।

মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালের চার গোলের মধ্যে দুটো করেছেন জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কি। বাকি গোল দুটি ইংল্যান্ডের ফরোয়ার্ড থিও ওয়ালকট ও ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামসের। সবগুলো গোলই হয়েছে স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কাজোর্লার পাস থেকে।

উইগানের সান্ত্বনাসূচক গোলদাতা স্কটল্যান্ডের স্ট্রাইকার শন ম্যালোনি।

রিডিংয়ের মাঠে ম্যান সিটির গোল দুটো করেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো ও বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকো।