শেখ জামাল থেকে আফুসির বিদায়
শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন নাইজেরীয় কোচ জোসেফ আফুসি।
আফুসি জানান, “গত মৌসুমে আমি যে বেতন পেতাম সেই বেতনে থাকতেও রাজি ছিলাম। কিন্তু শেখ জামালের কর্মকর্তারা আমাকে রাখার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না। আমি তিন মাসের অগ্রিম বেতন চেয়েছিলাম। সেটাও তারা দিতে চাচ্ছেন না।”
এ প্রসঙ্গে শেখ জামালের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল বলেন, “গত মৌসুমের চেয়ে বেশি বেতন চাচ্ছেন আফুসি। কয়েক মাসের অগ্রিম বেতনও চেয়েছেন। এ ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি। এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।”
২০১০-১১ মৌসুমে খেলোয়াড় হিসাবে শেখ জামালে এসেছিলেন আফুসি। ধানমন্ডির ক্লাবটি তাকে সদ্য সমাপ্ত মৌসুমে কোচের দায়িত্ব দেয়। আফুসির কোচিংয়ে এবার ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রানার্স আপ হয়েছে শেখ জামাল।
