হকি ক্যাম্প বর্জনের হুমকি
এশিয়া কাপের ক্যাম্প বর্জনের হুমকি দিয়েছেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা। বুধবার থেকে এই ক্যাম্প শুরু হওয়ার কথা।
দলবদলের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে হকি খেলোয়াড়দের এই হুমকি। তাদের শান্ত করতে মঙ্গলবার লিগ কমিটি সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে, হকি ফেডারেশনের নির্বাচনের এক সপ্তাহ পর দলবদল হবে।
তবে খেলোয়াড়রা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। জাতীয় দলের অধিনায়ক জাহিদ হুসাইন বলেন, “আমরা দলবদলের সুনির্দিষ্ট তারিখ চাই। নির্বাচন কবে হবে, সেই সিদ্ধান্তই তো এখনো নেয়া হয়নি।”
হকি ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “খেলোয়াড়দের দেয়া হুমকিতে আমরা বিস্মিত। আশা করি জুনের মধ্যে ফেডারেশনের নির্বাচন হবে। তার এক সপ্তাহ পর দলবদল হবে। আর নির্বাচন পেছালে দলবদল এগিয়ে আনা হবে।”
