স্ত্রীকে সঙ্গ দিতে ফার্গুসনের অবসরের সিদ্ধান্ত
ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ী কোচ অ্যালেক্স ফার্গুসন জানিয়েছেন, স্ত্রী ক্যাথির পাশে থাকার জন্য অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২৬ বছরেরও বেশি সময় কোচের দায়িত্বে থেকে ম্যান ইউকে ১৩টি ইংলিশ লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৮টি শিরোপা এনে দেয়া ফার্গুসন গত বুধবার এ মৌসুম শেষে বিদায়ের ঘোষণা দেন।
অবসরের কারণ হিসাবে ফার্গুসন বলেন, “ক্যাথির বোন মারা যাওয়ার পর অনেক কিছুই পাল্টে গেছে। এখন সে (ক্যাথি) ভীষণ একা। এ নিয়ে আমি অনেক ভেবেছি। ৪৭ বছর ধরে পরিবারের কর্ত্রী হিসাবে সে আমাদের তিন ছেলের দেখাশুনা করেছে আর আমার জন্যও অনেক ত্যাগ স্বীকার করেছে।”
স্ত্রীকে সময় দেয়ার পাশাপাশি লিগ চ্যাম্পিয়ন হিসাবে বিদায়ের ইচ্ছার কথাও জানিয়েছেন ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল কোচ ফার্গুসন।
তিনি বলেন, “বিজয়ীর বেশে বিদায় নেয়া সত্যিই গুরুত্বপূর্ণ্। এখানে (ম্যান ইউতে) আমি সব সময় একটা জিনিসই চেয়েছি। তা হলো বিজয়ী হওয়া।”
