বেকহ্যামের অনন্য কীর্তি
ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসাবে চারটি দেশের লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছেন ডেভিড বেকহ্যাম।
অলিম্পিক লিওঁকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে বেকহ্যামের দল প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগা এবং লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের শিরোপা জিতেছিলেন বেকহ্যাম।
৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট সংগ্রহ করা পিএসজি ১৯ বছর পর লিগ চ্যাম্পিয়ন হল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে অলিম্পিক মার্সেই। দুটো দলই সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। তৃতীয় দল খেলবে বাছাই পর্বে।
