চ্যাম্পিয়ন্স লিগের আরেকটু কাছে মিলান
ইতালিয়ান সেরি-আ’য় এএস রোমার সঙ্গে গোলশুন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলার আশা উজ্জ্বল করে তুলেছে এসি মিলান।
৩৭ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে তারা। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে ফিওরেন্তিনা। দু দলের আর একটি করে খেলা বাকি। ৫৯ পয়েন্ট নিয়ে রোমার অবস্থান সপ্তম।
সেরি-আ’র চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসাবে জুভেন্টাস (৮৭ পয়েন্ট) ও নাপোলি (৭৮) আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। তৃতীয় দল খেলবে বাছাই পর্বে।
মিলানের মাঠ সান সিরোয় গোল না হলেও কোনো দলই ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। ৪০ মিনিটে স্বাগতিকদের ঘানার মিডফিল্ডার সুলে মুনতারি এবং শেষ মুহূর্তে রোমার অভিজ্ঞ স্ট্রাইকার ফ্রান্সেসকো টট্টি লাল কার্ড দেখেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে মিলানের কৃষ্ণাঙ্গ স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে লক্ষ্য করে রোমার সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে রেফারি দুই মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন। পরে রোমাকে এজন্য ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়।
