২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের হোঁচটে বার্সা চ্যাম্পিয়ন

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করায় চার ম্যাচ হাতে রেখেই বার্সেলোনার স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত হয়ে গেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 May 2013, 07:06 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

৩৬ ম্যাচ থেকে গতবারের চ্যাম্পিয়ন রিয়ালের সংগ্রহ ৮১ পয়েন্ট। ৩৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৮৮। রোববার রাতে স্পেনের নতুন চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় বার্সার অবশ্য কয়েক মৌসুম ধরেই জয়-জয়কার। পাঁচ মৌসুমের মধ্যে এটা তাদের চতুর্থ শিরোপা। আর সব মিলিয়ে ২২তম। নতুন কোচ টিটো ভিলানোভার অধীনে প্রথম মৌসুমেই তারা লিগ চ্যাম্পিয়ন। লিগ শিরোপা হাতছাড়া হওয়া মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ায় শনিবার পুরো শক্তির দল মাঠে নামাননি জোসে মরিনিয়ো। আগামী শুক্রবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ কিংস কাপ বা কোপা দেল রে’র ফাইনালের জন্য বিশ্রাম দিতে ক্রিস্টিয়ানো রোনালদো, জাবি আলন্সো ও করিম বেনজেমাকে প্রথম একাদশে রাখেননি রিয়ালের কোচ। প্রতিপক্ষের মাঠে ১৯ মিনিটে বড় একটা ধাক্কা খায় রিয়াল। ট্যাকল করতে গিয়ে পায়ে-পায়ে জড়িয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন উদীয়মান ডিফেন্ডার রাফায়েল ভারান। তার ৯ মিনিট পর ক্রিস্টিয়ান স্তুয়ানি এগিয়ে দেন এসপানিওলকে। স্বাগতিকদের দুর্ভাগ্য, তার কিছুক্ষণ পর তাদের আরেকটি গোল বাতিল হয়ে যায়। রোনালদো মাঠে নামেন ৫৬ মিনিটে। তার দুই মিনিট পর লুকা মদ্রিচের ফ্রিকিক থেকে হেড করে সমতা নিয়ে আসেন গঞ্জালো হিগুয়াইন। শেষ মুহূর্তে হিগুয়াইনকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন এসপানিওলের মিডফিল্ডার ভিক্টর সানচেজ। ঐ ফাউলের সুবাদে পাওয়া ফ্রিকিক রিয়ালকে শেষ সুযোগ এনে দিয়েছিল। কিন্তু রোনালদোর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। খেলা শেষে বার্সেলোনাকে অভিনন্দন জানিয়ে মরিনিয়ো বলেন, “সবার আগে আমি বার্সেলোনার কোচিং কর্মকর্তা, খেলোয়াড়, পরিচালক ও সমর্থকদের অভিনন্দন জানাতে চাই। আজকের দিন পর্যন্ত আমাদের অধিকারে থাকা লিগ শিরোপা জিতে নিয়েছে তারা। আমি তাই মনে করি আমাদের অবশ্যই তাদেরকে অভিনন্দন জানানো উচিৎ।”