২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর আবার স্বপ্নভঙ্গ

এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে ওঠার জন্য শেষ ম্যাচে জিততেই হতো আবাহনী লিমিটেডকে। কিন্তু মঙ্গোলিয়ার আরচিম এফসির কাছে ১-০ গোলে হেরে পঞ্চম বারের মতো বাছাই পর্ব থেকে বাদ পড়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 03:57 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

আগের দুই ম্যাচে স্বাগতিক নেপালের থ্রি স্টার ক্লাব ও তাইওয়ান পাওয়ার কোম্পানির সঙ্গে ড্র করেছিল আবাহনী। ‘এ’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে উঠেছে থ্রি স্টার ও আরচিম।

শনিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৫৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আরচিমের জয়সূচক গোলদাতা মিডফিল্ডার গানবাতার বাবিলগুন।

পুরো ম্যাচে ভালো খেলে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আবাহনী গোলের দেখা পায়নি।

৫০ মিনিটে ডিফেন্ডার ওয়ালী ফয়সালের ফ্রিকিক ফিরিয়ে দেন আরচিমের গোলরক্ষক। ৬৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি।

খেলা শেষে আবাহনীর সহকারী কোচ অমলেশ সেন বিতর্কিত রেফারিংয়ের অভিযোগ করেন। তিনি বলেন, “ওদের গোলটা অফসাইড ছিল। এমন গোলে হেরে যাওয়া খুবই দুঃখজনক।”