চেলসি-টটেনহ্যাম লড়াই অমীমাংসিত
দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে তারা টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
তাই প্রিমিয়ার লিগের তৃতীয় দল হিসাবে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াই জমে উঠেছে। চতুর্থ দল বাছাই পর্বে খেলার সুযোগ পাবে।
চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড (৮৫ পয়েন্ট) ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি (৭৫) ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে খেলার টিকেট পেয়েছে।
তৃতীয় স্থানের জন্য লড়ছে চেলসি (৬৯), আর্সেনাল (৬৭) ও টটেনহ্যাম (৬৬)। প্রত্যেক দলের আর দুটি করে ম্যাচ বাকি।
স্ট্যামফোর্ড ব্রিজে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের গোলে ১১ মিনিটে এগিয়ে যায় চেলসি। ২৬ মিনিটে টোগোর স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োর সমতায় ফেরান টটেনহ্যামকে।
৩৯ মিনিটে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস আবার এগিয়ে দেন স্বাগতিকদের। কিন্তু ৮০ মিনিটে আবার সমতা নিয়ে আসেন অতিথিদের আইসল্যান্ডের মিডফিল্ডার জিলফি সিগুর্ডসন।
