দ্বিতীয় হওয়ার পথে ম্যান সিটি
শিরোপা ধরে রাখতে না পারলেও ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্স আপ হওয়ার পথে আরেক ধাপ এগিয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ১-০ গোলে হারিয়েছে তারা।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির জয়সূচক গোলদাতা বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকো। ৩৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজের পাস থেকে গোলটি করেন তিনি।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আরো সুসংহত ম্যান সিটি। ৩৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা চেলসি ও আর্সেনালের পয়েন্ট যথাক্রমে ৬৮ ও ৬৭। তবে চেলসি একটি ম্যাচ কম খেলেছে।
শিরোপা নিশ্চিত করে ফেলা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৮৫, ৩৬ ম্যাচে।
