শুরুতেই আবাহনীর সামনে স্বাগতিক দল
মঙ্গলবার এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ স্বাগতিক নেপালের থ্রি স্টার ক্লাব।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায়। ‘এ’ গ্রুপের অন্য দুই দল তাইওয়ান পাওয়ার কোম্পানি ও মঙ্গোলিয়ার আরচিম এফসি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা ধরে রাখতে না পারলেও প্রেসিডেন্টস কাপ নিয়ে আশাবাদী আবাহনীর ইরানি কোচ আরদেশিয়ার পুর্নেমাত। তিনি বলেন, “প্রতিযোগিতার চারটি দলের মধ্যে আবাহনীই সবচেয়ে শক্তিশালী দল। জাতীয় দলের ৭ জন এবং দুজন বিদেশি খেলোয়াড় নিয়ে গড়া আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ।”
“প্রথম ম্যাচ সবসময় খুব গুরুত্বপূর্ণ। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো। তবে স্বাগতিক বলে ওদের নিয়ে একটু বেশিই সতর্ক থাকতে হবে।”
পুর্নেমাত আরো বলেন, “এ ধরনের প্রতিযোগিতা একটি দলের অগ্রগতি পরিমাপের জন্য সেরা মঞ্চ। অন্যদের খেলা বোঝার এবং নিজেদের উন্নতি দেখারও সুযোগ থাকে এখানে।”
থ্রি স্টার ক্লাবের কোচ প্রদীপ হুমাগেইন বলেন, ‘আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত নই। সম্প্রতি ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।”
৯ মে তাইওয়ান পাওয়ার কোম্পানী ও ১১ মে আরচিম এফসির বিপক্ষে আবাহনী খেলবে।
