২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারো হচ্ছে না সুপার কাপ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হওয়ার ঠিক পরেই সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। তবে এ মৌসুমে এই প্রতিযোগিতা হচ্ছে না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, “সুপার কাপ দিয়ে আগামী মৌসুম শুরু হবে। বিভিন্ন কারণে এই মৌসুমে টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।”

আগামী নভেম্বরে সুপার কাপ দিয়ে শুরু হবে ফুটবল মৌসুম। সাধারণত ফেডারেশন কাপ দিয়ে শুরু হলেও আগামী মৌসুমে ভিন্নতা আনতে চাইছে বাফুফে। সেক্ষেত্রে ফেডারেশন কাপের ভাগ্যে কী ঘটবে তা পরিষ্কার করে কিছু বলেনি তারা।

দু-এক দিনের মধ্যে পেশাদার লিগ কমিটি বৈঠকে বসবে। ঐ বৈঠকেই আগামী মৌসুমে কখন কোন্ টুর্নামেন্ট আয়োজন করা হবে সেই সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, এবার সুপার কাপ না হওয়ার অন্যতম কারণ জাতীয় দলের ইংল্যান্ড সফর। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে এ মাসের শেষ দিকে জাতীয় দলের ইংল্যান্ডে যাওয়ার কথা। ম্যাচ দুটি হতে পারে ১ ও ৭ জুন।

গত মৌসুমেও বিভিন্ন কারণ দেখিয়ে সুপার কাপ আয়োজন করেনি বাফুফে।