২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে আবার চ্যাম্পিয়ন জুভেন্টাস

তিন ম্যাচ হাতে রেখেই ইতালিয়ান সেরি-আ’র শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছে জুভেন্টাস। রোববার পালের্মোকে ১-০ গোলে হারানোয় শিরোপা নিশ্চিত হয়ে গেছে তাদের।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 May 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

৫৯ মিনিটে পেনাল্টি থেকে জুভেন্টাসের জয়সূচক গোলদাতা চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। ৮৪ মিনিটে ফরাসী মিডফিল্ডার পল পগবা লাল কার্ড পেলেও ইতালির চ্যাম্পিয়নদের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট সংগ্রহ করা জুভেন্টাসের এটা ২৯তম লিগ শিরোপা। সেরি-আ’য় তারাই সবচেয়ে সফল দল। ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখা নাপোলিরও রানার্সআপ হওয়া মোটামুটি নিশ্চিত। এদিনসন কাভানির হ্যাটট্রিকে তারা ৩-১ গোলে ইন্টার মিলানকে হারিয়েছে। ইন্টারের একমাত্র গোলটি রিকি আলভারেজের। জুভেন্টাসের কীর্তির আড়ালে চাপা পড়ে গেলেও মিরোস্লাভ ক্লোসার কৃতিত্বও কম নয়। এই জার্মান স্ট্রাইকারের পাঁচ গোলের সুবাদে লাৎসিও ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বোলোনিয়াকে। অন্য গোলটি হার্নানেসের। তবে এত বড় ব্যবধানে জিতলেও ৫৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই আছে লাৎসিও। সাম্পদোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে উদিনেসে ষষ্ঠ স্থানে। জিতেছে এসি মিলানও। ইতালির দ্বিতীয়-সর্বোচ্চ ১৮ বারের চ্যাম্পিয়নরা ১-০ গোলে তোরিনোকে হারিয়েছে। ৮৪ মিনিটের সময় গোলটি করেন মারিও বালোতেল্লি। ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখা মিলানের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফিওরেন্টিনা ও এএস রোমার পয়েন্ট যথাক্রমে ৬১ ও ৫৮।