২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও রিয়ালের জয়

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তবে রিয়াল ভায়াদোলিদকে ৪-৩ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় রানার্সআপ হওয়ার আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 08:20 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

৩৪ ম্যাচ থেকে রিয়ালের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে বার্সেলোনা। রোববার বার্সার প্রতিপক্ষ রিয়াল বেতিস।

শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে জয় পেলেও প্রথমে গোল খেয়ে সমর্থকদের ভয় পাইয়ে দিয়েছিল রিয়াল। অষ্টম মিনিটে অস্কার গঞ্জালেজের গোলে পিছিয়ে পড়া জোসে মরিনিয়োর দল সমতায় ফেরে ২৬ মিনিটের সময়, মার্ক ভালিয়েন্তের আত্মঘাতী গোলে।

৩২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়েও যায় লা লিগার গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তিন মিনিট পর জাভি গেরার লক্ষ্যভেদে আবার সমতা।

২-২ সমতায় প্রথমার্ধ শেষ করা রিয়াল ৪৯ মিনিটে দ্বিতীয় বারের মতো এগিয়ে যায় কাকার গোলে। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-২ করেন রোনালদো।

লিগে রোনালদোর এটি ৩৩তম গোল। ৪৪ গোল নিয়ে আবারো সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে লিওনেল মেসি।

৮৭ মিনিটে লুইস সাস্ত্রে একটি গোল ফিরিয়ে দিলেও রিয়ালের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।