২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে শেষ আবাহনীর

হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শেষ করেছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ৪-১ গোলে হেরে গেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে আবাহনী। আগামী সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারাতে পারলে আবাহনীকে পেছনে ফেলে তারাই রানার্সআপ হবে।

১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করা মুক্তিযোদ্ধার জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার জোসেফ ওজুরুম্বা। চার গোলের দুটি করেছেন তিনি, একটি করিয়েছেন।

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ব্রাজিলীয় ফরোয়ার্ড টাইসন সিলভার ক্রস থেকে স্ট্রাইকার মোহাম্মদ বিপ্লবের শট আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল ফিরিয়ে দিলে আলতো শটে বল জালে জড়িয়ে দেন ওজুরুম্বা (১-০)।

১৯ মিনিটে ওজুরুম্বার পাস থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার জাহেদ পারভেজ চৌধুরী (২-০)।

৪১ মিনিটে ব্যবধান কমায় আবাহনী। ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিমের থ্রু ধরে মিডফিল্ডার আব্দুল বাতেন কোমলের নেয়া প্লেসিং শট জালে জড়িয়ে যায় (২-১)।

৬০ মিনিটে টাইসন সিলভার ক্রস ধরে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল করেন ওজুরুম্বা (৩-১)।

ইনজুরি সময়ে শেষ গোলটি করে মুক্তিযোদ্ধা। বক্সের বাইরে থেকে নেয়া মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুতের চমৎকার শট চলে যায় জালে (৪-১)।

পেশাদার লিগের প্রথম পাঁচ আসরে আবাহনী চার বার এবং শেখ জামাল একবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।