ঘরের মাঠে কঠিন পরীক্ষায় রিয়াল
মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগ ৪-১ গোলে হেরে যাওয়ায় ভীষণ চাপের মধ্যে জোসে মরিনিয়োর দল।
টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের জন্য সুখবর, চোট কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখন সম্পূর্ণ সুস্থ। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাবাউতে সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলারের মাঠে নামা প্রায় নিশ্চিত।
সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন রোনালদো। এরপর এক সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ মরিনিয়ো বলেন, “ক্রিস্টিয়ানো (রোনালদো) আগামীকাল (মঙ্গলবার) খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।”
গত বুধবার বরুসিয়ার বিপক্ষে খেলার সময় উরুর পেশিতে টান পড়ে রোনালদোর। তাই শনিবার স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছিলেন মরিনিয়ো।
লা লিগার শিরোপা জয়ের আশা প্রায় নেই। চ্যাম্পিয়ন্স লিগেও আবার ব্যর্থ হওয়ার আশঙ্কায় রিয়াল। তবে ‘অগ্নিপরীক্ষা’র সামনে দাঁড়িয়ে থাকা স্পেনের সফলতম ক্লাবকে অনুপ্রাণিত করতে পারে তিন দশক আগের এক অবিস্মরণীয় জয়।
১৯৭৫ সালে তখনকার ইউরোপিয়ান ক্লাব কাপে ইংল্যান্ডের ডার্বি কাউন্টির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ ৪-১ গোলেই হেরেছিল রিয়াল। তবে বার্নাবাউতে ফিরতি লেগ ৫-১ গোলে জিতে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছিল তারা।
