২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমসে আনসারের শ্রেষ্ঠত্ব

অষ্টম বাংলাদেশ গেমসের পদক তালিকার শীর্ষাসনে বাংলাদেশ আনসার। রোববার শেষ হওয়া এই প্রতিযোগিতায় ১১১টি সোনা, ৭৪টি রুপা ও ৬৫টি ব্রোঞ্জ সহ তাদের অর্জন ২৫০টি পদক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

৬৭টি সোনা, ৩৯টি রুপা ও ৩৭টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয়, ৩৬টি সোনা, ৪৯টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ নিয়ে বিজেএমসি তৃতীয়, ২৮টি সোনা, ২১টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী চতুর্থ এবং ২৫টি সোনা, ৩৪টি রুপা ও ৩৬টি ব্রোঞ্জ নিয়ে বিকেএসপি পঞ্চম হয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪টি, বাংলাদেশ পুলিশ ৬টি এবং রাজশাহী, নারায়ণগঞ্জ ও ঢাকা রাইফেল ক্লাব তিনটি করে সোনা জিতেছে। ব্যক্তিগতভাবে সেরা সাফল্য নৌবাহিনীর সাঁতারু মাহফিজুর রহমান সাগরের। চারটি জাতীয় রেকর্ড সহ ৭টি সোনা জিতেছেন তিনি। আনসারের আরেক সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা জিতেছেন ৬টি সোনা। এবারের বাংলাদেশ গেমসে ২৭টি জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে সাঁতারে ১০টি, ভারোত্তোলনে ৯টি, সাইক্লিংয়ে তিনটি, শূটিংয়ে ও অ্যাথলেটিক্সে দুটি করে এবং আর্চারিতে একটি রেকর্ড হয়েছে। রেকর্ড গড়া প্রত্যেক ক্রীড়াবিদ এক লাখ টাকা করে পুরস্কার পাবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এই পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। অবশ্য কোনো ক্রীড়াবিদ একাধিক রেকর্ড গড়লেও তার জন্য ‘বরাদ্দ’ ঐ এক লাখ টাকাই!