শেষ দিনেও আনসারের জয়জয়কার
রোববার অষ্টম বাংলাদেশ গেমসের শেষ দিনও বাংলাদেশ আনসারের সাফল্যে ভাস্বর।
ভারোত্তোলনে আরো চারটি জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে তিনটিই আনসারের, অন্যটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিযোগীর কীর্তি।
পুরুষদের অনূর্ধ্ব-১০৫ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর ফরহাদ আলী, ঊর্ধ্ব-১০৫ কেজিতে আনসারের ফিরোজ মাহমুদ, মহিলাদের অনূর্ধ্ব-৬৯ কেজিতে আনসারেরই ফিরোজা পারভীন এবং ঊর্ধ্ব-৬৯ কেজিতে একই দলের রোকেয়া সুলতানা সাথী রেকর্ড গড়ে সোনা জিতেছেন।
সাইক্লিংয়ে পুরুষদের ১০০০ হাজার মিটার স্প্রিন্টে আনসারের তরিকুল ইসলাম এবং মহিলাদের এই ইভেন্টে একই দলের আকাশী সুলতানা শিরোপা বিজয়ী।
১২টি সোনা, ৪টি রুপা ও ৭টি ব্রোঞ্জ নিয়ে সাইক্লিংয়ে সবার উপরে আনসার। ৬টি সোনা, ১৪টি রুপা ও ৭টি ব্রোঞ্জ নিয়ে বিজেএমসি দ্বিতীয়। দুটি সোনা এবং ৪টি করে রুপা ও ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দাবার দলগত ইভেন্টের শিরোপাও উঠেছে আনসারের ঘরে। শেষ রাউন্ডে তারা ৩-১ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়েছে। আনসারের সর্বমোট ১৩ পয়েন্ট। বাংলাদেশ নৌবাহিনী ১১ পয়েন্ট নিয়ে রুপা এবং তিতাস গ্যাস ১০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে।
