ম্যানচেস্টার সিটির জয়
ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে এরই মধ্যে। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি অন্তত রানার্সআপ হওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।
শনিবার তারা ২-১ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে।
তবে টটেনহ্যাম হটস্পার জিততে পারেনি। উইগানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩৪ ম্যাচ থেকে ম্যান ইউর সংগ্রহ ৮৪ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যান সিটি।
তৃতীয় থেকে পঞ্চম স্থানে থাকা আর্সেনাল, চেলসি ও টটেনহ্যামের পয়েন্ট যথাক্রমে ৬৩, ৬২ ও ৬২। চেলসি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২৮ মিনিটের সময় ম্যান সিটিকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো।
৮৩ মিনিটে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে দ্বিগুণ করেন ব্যবধান।
ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ওয়েস্ট হ্যাম।
