অবশেষে কাবাডিতে সেনাবাহিনীর সাফল্য
১৯৯৯ সালে কাবাডি খেলা শুরু করার পর অবশেষে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সাফল্য পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হারিয়ে বাংলাদেশ গেমস কাবাডির শিরোপা জিতেছে তারা।
শনিবার পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের ফলাফল ৩০-২২।
বর্তমান জাতীয় দলের পাঁচ এবং জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় সমৃদ্ধ সেনাবাহিনী সোনা জয়ের পর কোচ সাজেদ রাজ্জাক বলেন, “প্রস্তুতি ভালো হয়েছে বলে আমরা সাফল্য পেয়েছি। জাতীয় কোচ সুবিমল চন্দ্র দাস দীর্ঘ দিন আমাদের খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন। সাফল্যের এটাও অন্যতম কারণ।”
অন্যদিকে বিজিবির কোচ জুলহাস সরকার বলেন, “সেনাবাহিনী তূলনামূলকভাবে ভালো খেলেছে। আমাদের প্রধান খেলোয়াড় জিয়াউর রহমান শুরুতে মাথা গরম করে পরে আর ভালো খেলতে পারেনি। সেটাও আমাদের হারের অন্যতম কারণ।”
আগের দিন মারামারিতে বন্ধ হয়ে যাওয়া সেনাবাহিনী-পুলিশের ম্যাচটি শনিবার আর হতে পারেনি। পুলিশ খেলতে অস্বীকৃতি জানানোয় সেনাবাহিনীকে বিজয়ী ঘোষণা করা হয়।
