ফুটবলের শিরোপা বিকেএসপির
বাংলাদেশ গেমস ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে বরিশালকে হারিয়েছে।
২৮ মিনিটে রোহিত সরকারের গোলে এগিয়ে যায় বিকেএসপি। ৩১ মিনিটে বরিশালকে সমতায় ফেরান এস এম নোমান। ৭৪ মিনিটে বিকেএসপির জয়সূচক গোলটিও রোহিতের।
নোয়াখালীকে একই ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে ঝিনাইদহ।
শূটিংয়ের শেষ ইভেন্ট স্কিট শূটিংয়ের সোনা পেয়েছেন পটুয়াখালী রাইফেল ক্লাবের সাব্বির হাসান। রুপা গুলশান শূটিং ক্লাবের ইকবাল ইসলাম এবং ব্রোঞ্জ চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরউদ্দিন সেলিমের।
শূটিংয়ে শ্রেষ্ঠত্ব আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের। তাদের অর্জন ৫টি সোনা, তিনটি রুপা ও ৬টি ব্রোঞ্জ। তিনটি সোনা জিতেছে ঢাকা রাইফেল ক্লাব, একটি সোনা বিকেএসপির।
ব্যাডমিন্টনে দ্বিমুকুট জিতেছেন নারায়ণগঞ্জের শাপলা আক্তার। মেয়েদের এককের ফাইনালে ২-০ সেটে চট্টগ্রামের রেহানা খাতুনকে হারিয়েছেন তিনি। মিশ্র দ্বৈতের ফাইনালে সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধে শাপলা একই ব্যবধানে হারিয়েছেন নাবিলা ও হান্নানকে।
আর্চারিতে সবচেয়ে সফল বাংলাদেশ সেনাবাহিনী। ৭টি সোনা, একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ পেয়েছে তারা। বাংলাদেশ আনসারের প্রাপ্তি ৬টি সোনা এবং চারটি করে রুপা ও ব্রোঞ্জ। একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ ঢাকা আর্চারি অ্যাসোসিয়েশনের।
সাইক্লিংয়ে সেরা বাংলাদেশ আনসার। ১০টি সোনা, চারটি রুপা ও ৭টি ব্রোঞ্জ পেয়েছে তারা। ৬টি সোনা, ১২টি রুপা ও ৭টি ব্রোঞ্জ নিয়ে বিজেএমসি দ্বিতীয় এবং দুটি সোনা, চারটি রুপা ও তিনটি ব্রোঞ্জ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তৃতীয়।
বাস্কেটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬৬-৫৯ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়েছে।
নৌবাহিনীর মিঠুন বিশ্বাস ৩১ ও ইব্রাহিম মোহাম্মদ ১৪ এবং সেনাবাহিনীর মিঠুন সরকার ১৩ ও তোজাম্মেল হক ১১ পয়েন্ট স্কোর করেন। বাস্কেটবলের ব্রোঞ্জ খুলনার।
মহিলা খো খোর শিরোপা জিতেছে মুন্সীগঞ্জ। পল্টন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১৪-৯ পয়েন্টে খুলনাকে হারিয়েছে। ফেনীকে ১০-৯ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে সাতক্ষীরা।
