সহজ জয়ে সেমিফাইনালে নাদাল
বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে স্বদেশের আলবার্ত রামোসকে সহজেই ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা।
ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যাওয়ায় গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে টানা নবম শিরোপা জিততে পারেননি নাদাল। তবে বার্সেলোনা ওপেনেও তার দুর্দান্ত সাফল্য।
স্বদেশের ক্লে কোর্টের টুর্নামেন্টটিতে ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত টানা ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১০ সালে চোটের কারণে অংশ নিতে পারেননি। তবে গত দুবার অংশ নিয়ে দুবারই তার শিরোপার হাসি। রামোসকে হারিয়ে এই টুর্নামেন্টে টানা ৩৭তম জয়ের দেখা পেয়েছেন নাদাল।
তৃতীয় রাউন্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পিছিয়ে যাওয়ায় শুক্রবার একই দিনে দুটি ম্যাচ খেলতে হয়েছে নাদালকে। তবে তা বিন্দুমাত্র সমস্যায় ফেলতে পারেনি তাকে।
বিশেষ করে কোয়ার্টার ফাইনালের পারফরম্যান্স নিয়ে নাদাল উচ্ছ্বসিত। তিনি বলেন, “সকালের চেয়ে আমি শেষ আটে ভালো খেলেছি। সেমিফাইনাল নিশ্চিত করতে পারা দারুণ ব্যাপার। আজকের (শুক্রবার) মতো কঠিন একটা দিন পার করতে পেরে আমি খুশি।”
সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ কানাডার মিলোস রায়োনিচ। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন স্পেনের নিকোলাস আলমাগ্রো ও জার্মানির ফিলিপ কোলশ্রাইবার।
এদিকে জার্মানির স্টুর্টগার্টে পোর্শে টেনিস গ্রাঁ প্রির সেমিফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা ও লি না।
কোয়ার্টার ফাইনালে শারাপোভা ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে আনা ইভানোভিচকে ও লি না ৬-৩, ৭-৫ গেমে পেত্রা কেভিতোভাকে হারিয়েছেন।
