ফেনী সকারের কাছে শেখ জামালের হার
শুক্রবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে দিয়েছে ফেনী সকার ক্লাব। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে খেলার ফলাফল ২-১।
৩৭ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৭১ মিনিটে সকার ক্লাবকে সমতায় ফেরান বেনিনের ফরোয়ার্ড ওসিও ওলালেকান। ৮২ মিনিটে স্বাগতিক দলের জয়সূচক গোলদাতা নাইজেরীয় মিডফিল্ডার অ্যান্থনি পল।
১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে সকার ক্লাবের সংগ্রহ ১১ পয়েন্ট।
১৪ ম্যাচেই ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড।
