২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে সমর্থকদের ‘ধিক্কার’

ঘরের মাঠে চিলির সঙ্গে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করে সমর্থকদের দুয়োধ্বনি শুনেছে ব্রাজিল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Apr 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

২০০২ সালে লুই ফেলিপে স্কলারির অধীনে পঞ্চম বারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তবে গত নভেম্বরে দ্বিতীয় বারের মতো দায়িত্ব নেয়ার পর ব্রাজিলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারি।

আগের চার ম্যাচে দুটি ড্র ও একটি হারের বিপরীতে ব্রাজিলের জয় মাত্র একটি, গত ৬ এপ্রিল বলিভিয়ার মাঠে ৪-০ গোলে।

আগামী বছরের বিশ্বকাপের জন্য নতুন ভাবে সাজানো ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম স্তাদিও গভার্নদোর মেগালহেইস পিন্টোতে শুরু থেকেই বল-দখলের লড়াইয়ে এগিয়েছিল চিলি। অষ্টম মিনিটে ডিফেন্ডার মার্কোস গঞ্জালেজের গোলে এগিয়েও যায় অতিথিরা।

২৫ মিনিটে ডিফেন্ডার রেভার সমতায় ফেরান ব্রাজিলকে। ৫৪ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা নেইমারের গোল এগিয়েও দেয়।

তবে জয়ের দেখা পায়নি বিশ্বকাপের সবচেয়ে সফল দল। ৬৪ মিনিটে চিলির স্ট্রাইকার এদুয়ার্দো ভার্গাস সমতা নিয়ে আসার পর আর গোল করতে পারেনি স্বাগতিকরা।

দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনিয়ো শুরু থেকে খেললেও যথারীতি নিষ্প্রভ ছিলেন। ২৮ মিনিটে হলুদ কার্ডও দেখেন ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

৯০ মিনিটে চিলির মিডফিল্ডার আন্তনিও সালভো লাল কার্ড পেলেও তাতে ব্রাজিলের কোনো লাভ হয়নি। উল্টো সমর্থকদের দুয়োধ্বনির মধ্যে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় স্কলারির শিষ্যদের।