শিরোপা জিতেই সাবরিনার বিদায়
বর্ণাঢ্য খেলোয়াড়ী-জীবনের সমাপ্তি টানলেন দেশের কৃতি শূটার সাবরিনা সুলতানা। গুলশান জাতীয় শূটিং কমপ্লেক্সে শেষ লড়াইয়েও তিনি সফল। বাংলাদেশ গেমসে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেই বিদায় বললেন সাবরিনা।
প্রতিযোগিতায় এটি তার দ্বিতীয় শিরোপা। বুধবার ৫০ মিটার রাইফেল প্রোনের সোনাও জিতেছিলেন বাংলাদেশের অন্যতম সফল এই শূটার।
বৃহস্পতিবার ঢাকা রাইফেল ক্লাবের হয়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের সোনা জয়ের পথে ৫৫৮ স্কোর করেন সাবরিনা। রুপা সাবরিনার সতীর্থ শারমিন শিল্পার, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তারের প্রাপ্তি ব্রোঞ্জ।
সাবরিনার খেলোয়াড়ী-জীবনের শেষ দিনে গুলশান শূটিং কমপ্লেক্সে আবেগঘন পরিবেশের জন্ম হয়। সতীর্থ-প্রতিদ্বন্দ্বী সবাই জড়িয়ে ধরেন তাকে। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এরপর কান্নাজড়িত কন্ঠে সাবরিনা বলেন, “আমার মনে হয় সঠিক সময়েই আমি সিদ্ধান্তটি নিয়েছি। অনেক দিন ধরেই অবসরের কথা ভাবছিলাম। শেষ পর্যন্ত বাংলাদেশ গেমসে অংশ নিয়ে বিদায়ের সিদ্ধান্ত নিলাম।”
“কিছুটা খারাপ তো লাগছেই। ২৮ বছরের খেলোয়াড়ী-জীবনকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটা কঠিন হলেও কিছু তো করার নেই। তাছাড়া একদিন তো অবসর নিতেই হতো।”
১৯৮৫ সালে মাত্র ১১ বছর বয়সে সাবরিনার খেলোয়াড়ী-জীবনের সূচনা। জাতীয় দলে প্রবেশ ১৯৯২ সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
অজস্র অর্জনে সমৃদ্ধ সাবরিনার শূটিং-জীবন। সাফ গেমস (বর্তমান এসএ গেমস) থেকে তার প্রাপ্তি দুটি সোনা। প্রথমটি ১৯৯৩ সালে ঢাকায় ৫০ মিটার রাইফেল প্রোনে, পরেরটি ১৯৯৯ সালে কাঠমান্ডুতে একই ইভেন্টে।
১৯৯৭ সালে কমওয়েলথ শূটিং এবং সেই বছর সাফ শূটিংয়েও সোনা জিতেছিলেন সাবরিনা। এরপর ২০০০ ও ২০০৯ সালের সাফ শূটিংয়েও একটি করে সোনা পেয়েছিলেন তিনি। এর সঙ্গে জাতীয় পর্যায়ের সাফল্য তো আছেই।
সাবরিনা সুলতানার অবসরে তাই বাংলাদেশের শূটিং-ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
