২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার পথে রিয়াল মাদ্রিদ

চির প্রতিদ্বন্দ্বী বার্সোলোনার মত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদও। বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। স্বাগতিকদের চারটি গোলই রবার্ট লিওয়ানডস্কির।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Apr 2013, 02:20 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

মঙ্গলবার জার্মানির বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সা। বরুসিয়ার এই জয়ে আগামী মাসে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে জার্মানির দুই দলের খেলা প্রায় নিশ্চিত।

দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না হলেও এখনো বরুসিয়ার প্রধান অস্ত্র লিওয়ানডস্কি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম ফুটবলার হিসেবে চার গোল করা পোল্যান্ডের এই স্ট্রাইকার আট মিনিটেই দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। ৬৬ মিনিটে করা শেষটি এসেছে পেনাল্টি থেকে।

ম্যাচ শেষে বরুসিয়ার কোচ জার্গেন ক্লুপ বলেন, “শান্ত থাকতে আমাদের নিজেদের ওপর জোর খাটাতে হয়েছে, জানি মাদ্রিদে ফিরতি লেগ আমাদের জন্য সহজ হবে না, তবে মাদ্রিদে যাই ঘটুক আজকের রাত কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।”

প্রথমার্ধের শেষ দিকে ক্রিস্টিয়ানোর রোনালদোর গোলে সমতা ফিরিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা ফুটবলার কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেন নি তিনি।

রিয়ালের ডিফেন্ডার সার্জিও রামোস বলেন, “আমি সহ মাঠের অন্য দশজনের দায়বদ্ধতার ঘাটতি ছিল। ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আমাদের থাকতে হবে। এখনো ৯০ মিনিটের খেলা বাকি। এই প্রতিযোগিতা আমাদের কাছে অনেক কিছু তাই প্রথম মিনিট থেকেই লড়তে হবে।”

গ্রুপ পর্বে নিজেদের মাঠে রিয়ালকে ২-১ গোলে হারানোর পর স্পেনের রাজধানী থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছিল টুর্নামেন্টে এখনো অপরাজিত বরুসিয়া।

মঙ্গলবার বায়ার্নে যোগ দেয়ার ঘোষণা দিয়ে চমকে দেয়া মারিও গোৎজের দুর্দান্ত ক্রস থেকে প্রথম গোলটি করেন লিওয়ানডস্কি।

৪৩ মিনিটে ডিফেন্ডার ম্যাটস হামেলের মারাত্মক ভুলে বরুসিয়ার রক্ষণভাগে বল পেয়ে যান গঞ্জালো হিগুয়াইন। তিনি আলতো টোকায় বল বাড়িয়ে দেন ফাঁকায় দাঁড়ানো রোনালদোর দিকে। সেখান থেকে বরুসিয়ার জাল খোঁজে পেতে কোনো সমস্যা হয়নি তার।

এ গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করলেন রোনালদো।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে দুবার লক্ষ্যভেদ করে রিয়ালকে ভীষণ চাপে ফেলে দেন লিওয়ানডস্কি। এরপর আর খেলায় ফিরতে পারেনি অতিথিরা।