২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ম্যাচের জন্য নিষিদ্ধ সুয়ারেজ

ক্ষমা চেয়ে এবং জরিমানা দিয়েও পার পেলেন না লুই সুয়ারেজ। চেলসির সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড় দেয়ার অপরাধে তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ)।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Apr 2013, 05:03 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

উরুগুয়ের এই স্ট্রাইকারকে দুই লাখ পাউন্ড জরিমানা করেছে তার দল লিভারপুলও। ইভানোভিচের কাছে অবশ্য ক্ষমা চেয়েছেন সুয়ারেজ।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-চেলসি ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ন্যক্কারজনক ঘটনাটির জন্ম দেন সুয়ারেজ। তবে ঘটনাটি রেফারির দৃষ্টি এড়িয়ে যায়।
সেদিন নায়ক-খলনায়ক দুটোই ছিলেন সুয়ারেজ। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে তার গোলেই ম্যাচটা ২-২ গোলে অমীমাংসিত রাখে লিভারপুল।

প্রতিপক্ষকে কামড়ানোর ঘটনা সুয়ারেজের জীবনে নতুন নয়। ২০১০ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের দল আয়াক্স আমস্টার্ডামের হয়ে খেলার সময় পিএসভি আইন্দহোভেনের মিডফিল্ডার ওটম্যান বেক্যালকে কামড়ে দিয়ে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।