বিদায় বেলাতেও উজ্জ্বল সাবরিনা
বৃহস্পতিবার বর্ণাঢ্য খেলোয়াড়ী-জীবনের সমাপ্তি টানবেন। বিদায় বেলাতেও সাবরিনা সুলতানা সাফল্যের আলোয় উদ্ভাসিত। বুধবার বাংলাদেশ গেমসের ৫০ মিটার রাইফেল প্রোনে তার হাতে শিরোপা উঠেছে।
বাংলাদেশের সর্বকালের অন্যতম সফল শূটার জানান, “শূটিং থেকে আমার অনেক অর্জন। খেলা ছেড়ে দিলেও শূটিং ছাড়ছি না। অবসরের পর কোচিংকে পেশা হিসাবে নেবো। নতুন শূটার তৈরি করাই আমার লক্ষ্য।”
শূটিং থেকে সত্যিই সাবরিনার অনেক অর্জন। সাফ গেমস (বর্তমান এসএ গেমস) তার প্রাপ্তি দুটি সোনা। প্রথমটি ১৯৯৩ সালে ঢাকায় প্রিয় ইভেন্ট ৫০ মিটার রাইফেল প্রোনে, পরেরটি ১৯৯৯ সালে কাঠমান্ডুতে একই ইভেন্টে।
১৯৯৭ সালের কমনওয়েলথ শূটিং এবং সেই বছর সাফ শূটিংয়েও সোনা জিতেছিলেন সাবরিনা। এরপর ২০০০ ও ২০০৯ সালের সাফ শূটিংয়েও একটি করে সোনা পেয়েছিলেন।
দুই বার ইন্দো-বাংলা গেমসে অংশ নিয়ে ৬টি সোনা জয়ের কৃতিত্বও তার।
বিদা্য় বেলায় তাই উঁকি দিচ্ছে শূটিং থেকে অনেক প্রাপ্তি, অজস্র সুখস্মৃতি। সাবরিনা বলেন, “১৯৮৫ সালে জাতীয় পর্যায়ে খেলা শুরু করি আমি। জাতীয় দলে প্রবেশ ১৯৯২ সালে। এরপর থেকে মোটামুটি নিয়মিত জাতীয় দলের হয়ে খেলেছি। তাই খেলা ছাড়ার সময় একটু হলেও কষ্ট হচ্ছে।”
বুধবার শূটিংয়ের অন্য দুই ইভেন্টের একটিতে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের মহেন্দ্র কুমার সিং (১৯৩.৬ স্কোর)। রুপা একই দলের রাহেনুল ইসলাম (১৮৮.৮) ও ব্রোঞ্জ শেখ শাহাদাৎ আহমেদের (১৬৬.৪)।
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের কানিজ চৌধুরী (৫৪৬) সোনা, ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান (৫৩৪) রুপা ও একই দলের অন্তরা ইসলাম (৫২০) ব্রোঞ্জ পেয়েছেন।
