সাঁতারে নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব
বাংলাদেশ গেমস সাঁতারে সবচেয়ে সফল দল বাংলাদেশ নৌবাহিনী। তাদের অর্জন ২২টি সোনা, ১৭টি রুপা ও ১০টি ব্রোঞ্জ।
১০টি সোনা, ৯টি রুপা ও ৮টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান দ্বিতীয়। তৃতীয় বিকেএসপির প্রাপ্তি ৯টি সোনা, ৮টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ।
ব্যক্তিগতভাবে পুরুষদের মধ্যে সবচেয়ে সফল সেনাবাহিনীর জুয়েল আহমেদ। একটি জাতীয় রেকর্ড সহ ৬টি সোনা ও দুটি রুপা পেয়েছেন তিনি।
তবে নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর ৪টি সোনা জয়ের পথে ৪টিতেই রেকর্ড গড়েছেন।
মেয়েদের বিভাগে সেরা নৌবাহিনীর নাজমা খাতুন। তার প্রাপ্তি চারটি সোনা ও তিনটি রুপা।
নাজমার সতীর্থ সোনিয়া আক্তার টুম্পা একটি রেকর্ড সহ তিনটি সোনা ও চারটি রুপা পেয়েছেন। দুটি রেকর্ড সহ বিকেএসপির রোমানা আক্তারের প্রাপ্তি তিনটি সোনা ও চারটি ব্রোঞ্জ।
বুধবার মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার শেষ দিনে দুটি রেকর্ড হয়েছে। দুটি রেকর্ডই গড়েছেন সাগর।
পুরুষদের ৪০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জয়ের পথে ৪ মিনিট ২৩.৪০ সেকেন্ড সময় নিয়ে ৪ মিনিট ২৮.৫৪ সেকেন্ডের আগের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন সাগর। ১০০ মিটার ফ্রি স্টাইলে তার টাইমিং ৫২.৮৮ সেকেন্ড। আগের রেকর্ড ছিল ৫৩.৬৫ সেকেন্ড।
