বায়ার্নের কাছে বিধ্বস্ত বার্সা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সামনে দাঁড়াতেই পারেনি বার্সেলোনা। ঘরের মাঠে বায়ার্ন জিতেছে ৪-০ গোলে।
১ মে ফিরতি লেগ হবে বার্সেলোনায়।
চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মাঠ থেকে ৪-০ গোলের হার নিয়ে ফিরেছিল বায়ার্ন। মঙ্গলবার রাতে সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার পাশাপাশি ফাইনালও প্রায় নিশ্চিত করে ফেলেছে জার্মান পরাশক্তিরা।
যদিও চার গোলের দুটোই বিতর্কিত। ২৫ মিনিটে টমাস মুলারের হেড এগিয়ে দেয় সদ্য বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের।
প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। তবে কর্নার থেকে গোল করার সময় অফসাইডে ছিলেন মারিও গোমেজ।
৭৩ মিনিটে আরিয়েন রোবেনের করা তৃতীয় গোলও ছিল বিতর্কিত। রোবেন গোল করার ঠিক আগে বক্সের মধ্যে বার্সার ডিফেন্ডার জর্দি আলবাকে ধাক্কা মেরে ফেলে দেন মুলার। কিন্তু রেফারি ফাউল দেননি।
৮২ মিনিটে মুলারের দ্বিতীয় গোল আবার উল্লাসে ভাসিয়ে দেয় বায়ার্ন সমর্থকদের।
পায়ের পেশির চোট কাটিয়ে লিওনেল মেসি শুরু থেকে খেললেও পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
