২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারে জুয়েল-পাপিয়ার রেকর্ড

বাংলাদেশ গেমসের সাঁতারে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পাপিয়া আক্তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

পুরুষদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে ১৭ মিনিট ২৪.২৪ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন জুয়েল। আগের রেকর্ডটি ছিল ১৭ মিনিট ২৫.৬০ সেকেন্ড। বাংলাদেশ নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর (১৮ মিনিট ০.৪৪ সেকেন্ড) রুপা ও সেনাবাহিনীর সুজন আলী (১৮ মিনিট ৩২.৫৪ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।

২০০ মিটার ব্যাক স্ট্রোকেও সোনা জিতেছেন জুয়েল। ২০০ মিটার বাটারফ্লাই এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও সোনা পেয়েছিলেন তিনি।

মহিলাদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে পাপিয়াসহ তিন পদক বিজয়ী আগের রেকর্ডের (৩২.১৮ সেকেন্ড) চেয়ে কম সময় নিয়েছেন। সোনা জয়ী পাপিয়ার টাইমিং ৩১.৯৬ সেকেন্ড। নৌবাহিনীর নাজমা খাতুনের (৩২.০০ সেকেন্ড) প্রাপ্তি রুপা, একই দলের সোনিয়া আক্তার টুম্পার (৩২.১১ সেকেন্ড) ব্রোঞ্জ।

মঙ্গলবার সাঁতারের অন্যান্য ইভেন্টে মহিলাদের ৮০০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর নাজমা খাতুন, পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর শাহজাহান আলী, মহিলাদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নৌবাহিনীর মাহফুজা খাতুন, মহিলাদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ও পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর অনিক ইসলাম সোনা জিতেছেন।

পুরুষ ও মহিলা ২০০ মিটার ফ্রি স্টাইল রিলের দুটো সোনাই গেছে নৌবাহিনীর ঘরে।