হাত কামড়ে সুয়ারেজের জরিমানা
লিভারপুলের উরুগুয়ের স্ট্রাইকার লুই সুয়ারেজের বিতর্কিত ঘটনায় জড়ানো নতুন কিছু নয়। এবার চেলসির সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড় দিয়ে দুই লাখ পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে তাকে।
জরিমানা করেছে সুয়ারেজেরই দল লিভারপুল।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-চেলসি ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ন্যক্কারজনক ঘটনাটির জন্ম দেন সুয়ারেজ।
অনুতপ্ত সুয়ারেজ অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, “আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। ইভানোভিচের সঙ্গে কথা বলেছি। ওর কাছে ক্ষমাও চেয়েছি।”
তবে ক্ষমা চেয়ে কিংবা জরিমানা দিয়ে হয়তো পার পাবেন না সুয়ারেজ। ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ) তাকে কয়েক ম্যাচের জন্য বহিষ্কার করতে পারে।
সুয়ারেজের এমন আচরণে ভীষণ বিরক্ত লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স। তিনি বলেন, “মানুষের জীবনে মূল্যবোধ ও নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। দলের চেয়ে খেলোয়াড় বা কোচ কেউই বেশি গুরুত্বপূর্ণ নয়।”
সুয়ারেজের জীবনে এমন ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের দল আয়াক্স আমস্টার্ডামের হয়ে খেলার সময় পিএসভি আইন্দহোভেনের মিডফিল্ডার ওটম্যান বেক্যালকে কামড়ে দিয়ে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
২০১১ সালে আয়াক্স থেকে লিভারপুলে যোগ দেয়ার পরও বিতর্কিত ঘটনা তার পিছু ছাড়েনি। সে বছরের অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসী ডিফেন্ডার প্যাট্রিস এভরা সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করে ৮ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৪০ হাজার পাউন্ড জরিমানাও দিতে হয়েছিল সুয়ারেজকে।
