মহিলা কাবাডিতে মারামারি
বাংলাদেশ গেমস মহিলা কাবাডির ফাইনাল শেষে মারামারি হয়েছে।
পল্টন কাবাডি স্টেডিয়ামে বিজেএমসি ও আনসারের ফাইনাল শেষে আনসারের সমর্থকরা (অন্য খেলার খেলোয়াড়) মাঠে ঢুকে আম্পায়ারদের লাঞ্ছিত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। এতে আহত হয় ৫/৬ জন।
আম্পায়ার রফিকুল ইসলাম ও আসগর আলীকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেএমসি ১৯-১৬ পয়েন্টে ম্যাচ জেতার সঙ্গে-সঙ্গে ন্যক্কারজনক ঘটনাটির সূত্রপাত। আনসারের খেলোয়াড়রা দাবি করেন, রেফারি আমজাদ হোসেন মজনু তিন মিনিট আগে শেষ বাঁশি বাজিয়েছেন।
আনসারের সমর্থকরা তখন কোর্টে ঢুকে দুই আম্পায়ার এবং রেফারিকে লাঞ্ছিত করতে উদ্যত হয়। এ সময় অন্য আম্পায়াররা তাদের থামাতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়।
আনসারের অধিনায়ক শাহনাজ পারভীন বলেন, “খেলা শেষ হওয়ার ৬-৭ মিনিট আগে রেফারি আমাদের নিশ্চিত একটা পয়েন্ট দেননি। বরং প্রতিপক্ষকে পয়েন্ট দিয়েছেন। খেলাও শেষ করা হয়েছে তিন মিনিট আগেই। রেফারি ও আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে।”
এই ঘটনায় আহত হয়েছেন আনসার ও জাতীয় দলের কোচ আব্দুল জলিলও। তিনি বলেন, “এটা একদমই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনা কিছুতেই মেনে নেয়া যায় না। জয়-পরাজয় হতেই পারে, কিন্তু সমর্থকরা মাঠে ঢুকে মারামারি করবে কেন?”
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “আনসারের সমর্থকদের আরো দায়িত্ববান হওয়া উচিৎ ছিল। কারণ তারা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত।”
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ গেমস সাংগঠনিক কমিটির সম্পাদক সৈয়দ শাহেদ রেজা জানান, “এ ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি করব। তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেয়া হবে।”
এই লজ্জাজনক ঘটনা শেষ হওয়ার পর-পরই আনসারের খেলোয়াড়রা কোর্ট ছেড়ে চলে যান। বিজেএমসিকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে সোনার পদক তুলে দেয়া হয়।
