২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরের আরেকটি রেকর্ড

প্রথম দিনের মতো বাংলাদেশ গেমস সাঁতারের দ্বিতীয় দিনেও জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে পুরুষদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ২ মিনিট ০.৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন গত বছর লন্ডন অলিম্পিকে অংশ নেয়া সাগর। এই ইভেন্টে আগের রেকর্ড ছিল ২ মিনিট ০.৫৮ সেকেন্ড। রোববার ৫০ মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সাগর।

দিনের দ্বিতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ১ মিনিট ১২.৯৩ সেকেন্ড। রোববার দুটি রেকর্ড গড়া বিকেএসপির রোমানা আক্তার এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন।

দ্বিতীয় দিন শেষে সাঁতারে সবচেয়ে এগিয়ে আছে নৌবাহিনী। তাদের সংগ্রহে ১০টি সোনা, ১০টি রুপা ও ৫টি ব্রোঞ্জ। ৪টি সোনা, একটি রুপা ও ৮টি ব্রোঞ্জ নিয়ে বিকেএসপি দ্বিতীয় এবং ৪টি সোনা, ৪টি রুপা ও ৩টি ব্রোঞ্জ নিয়ে সেনাবাহিনী তৃতীয় স্থানে আছে।

সেনাবাহিনীর জুয়েল আহমেদ, নৌবাহিনীর সাগর ও একই দলের টুম্পা ৩টি করে এবং বিকেএসপির রোমানা ও নৌবাহিনীর নাজমা খাতুন দুটি করে সোনা জিতেছেন।