২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারে রোমানার দুটি রেকর্ড

বাংলাদেশ গেমস সাঁতারের প্রথম দিনে তিনটি জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে দুটিই করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রোমানা আক্তার। অন্যটি বাংলাদেশ নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগরের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 01:40 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

কিশোরগঞ্জের নিকলির মেয়ে রোমানা নবম শ্রেণীর ছাত্রী। অল্প বয়সেই দুটি রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

২০০ মিটার বাটাইফ্লাইয়ে রোমানা ২ মিনিট ৪৪.১৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। আগের রেকর্ডটি ছিল ২ মিনিট ৪৬.৯৮ সেকেন্ড। বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা (২ মিনিট ৪৫.৮২ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ আনসারের লাকি আক্তার জুঁই (২ মিনিট ৫৬.৫০ সেকেন্ড) ব্রোঞ্জ পদক জিতেছেন এই ইভেন্টে।

৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও ৫ মিনিট ৫৫.২০ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড (৫ মিনিট ৫৬.০২ সেকেন্ড) ভেঙ্গে দিয়েছেন রোমানা। এই ইভেন্টেও রুপা টুম্পা (৫ মিনিট ৫৬.০৪ সেকেন্ড) ও ব্রোঞ্জ জুঁইয়ের (৬ মিনিট ২০.৩৯ সেকেন্ড)।

পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ২৪.৪১ সেকেন্ড সময় নিয়ে দিনের তৃতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন সাগর। নৌবাহিনীর শরিফুল ইসলাম (২৪.৮৪ সেকেন্ড) রুপা ও বিকেএসপির আসিফ রেজা (২৫.১২ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন এই ইভেন্টে।

রেকর্ড গড়তে না পারলেও ২০০ মিটার বাটারফ্লাই এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ।

এছাড়া পুরুষদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর রুবেল রানা, মেয়েদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে বিকেএসপির নাঈমা আক্তার এবং মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর নাজমা খাতুন সোনা পেয়েছেন।

রোববার নিষ্পত্তি হওয়া আটটি ইভেন্টের মধ্যে নৌবাহিনী ও বিকেএসপি তিনটি করে এবং সেনাবাহিনী দুটি সোনা জিতেছে।