এক বছর পর নাদাল-জোকোভিচ লড়াই
মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে উঠেছেন টানা আট বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। যেখানে তার প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ।
সেমিফাইনালে নাদাল ৬-৩, ৭-৬(৭/৩) গেমে ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে এবং জোকোভিচ ৬-২, ৬-১ গেমে ইতালির ফ্যাবিও ফগনিনিকে হারিয়েছেন।
রোববারের ফাইনালে প্রায় এক বছর পর মুখোমুখি হবেন নাদাল ও জোকোভিচ। গত বছরের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সর্বশেষ দেখা হয়েছিল তাদের। ঐ ম্যাচে জোকোভিচকে হারিয়ে রেকর্ড সপ্তম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন নাদাল।
আগের ৩৩টি লড়াইয়ের ১৯টি জিতেছেন নাদাল, বাকি ১৪টিতে জোকোভিচ।
শনিবার প্রথম সেট সহজে জেতার পর দ্বিতীয় সেটে ৫-১ গেমে এগিয়ে যান নাদাল। তবে এরপর টানা চার গেম জিতে ৫-৫ সমতা নিয়ে আসেন সোঙ্গা। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ালেও নাদালের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেননি তিনি।
মন্টে কার্লো মাস্টার্সে এটা নাদালের টানা ৪৬তম জয়।
হাঁটুর চোট থেকে সেরে উঠে দীর্ঘ সাত মাস পর গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরা নাদালের এটা টানা ষষ্ঠ ফাইনাল। প্রত্যাবর্তনের পর প্রথমটিতে ব্যর্থ হলেও পরের চারটি ফাইনালেই জিতেছেন স্প্যানিশ তারকা।
