২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমসের বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 12:32 PM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পুরনো খবর:

আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ গেমস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ঘোষণায় ছিল নতুনত্ব। তিনি ডিজিটাল বোর্ডে সই করেন, দর্শকরা তা জায়ান্ট স্ক্রিনে দেখতে পান, আর আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় অষ্টম বাংলাদেশ গেমস।

এর আগে গেমসের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পর মাঠ প্রদক্ষিণ করে গেমসের মাসকট ‘তারুণ্য’ নামের কাঠবিড়ালী।

এরপর মশাল প্রজ্বালন করেন সাবেক হকি তারকা জুম্মন লুসাই।

সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু, সাবেক সাঁতারু উইং কমান্ডার রফিকুল ইসলাম, শূটার সাবরিনা সুলতানা এবং সাবেক ফুটবলার শেখ মোহম্মদ আসলাম মশাল হাতে স্টেডিয়াম প্রদক্ষিণ করে তা জুম্মন লুসাইয়ে হাতে তুলে দেন।

মশাল প্রজ্বালনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শঙ্কর সাঁওজালের গানের সঙ্গে-সঙ্গে গ্যালারিতে ডিসপ্লের মাধ্যমে গ্রামবাংলার ছবি ফুটিয়ে তোলেন ৬০০ জন শিল্পী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার আহ্বান, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অংশগ্রহণ, জাতীয় জীবনে খেলাধূলার অবদানও ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গেমসের থিম সং পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সুবীর নন্দী, শাকিলা জাফর, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া ও কনা।

থিম সংয়ের পর আতশবাজি দিয়ে সমাপ্তি ঘটে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীরা।

এরপর শুরু হয় মার্চ পাস্ট। প্রতিযোগিতার শতাধিক দলের প্রতিযোগীরা অংশ নেন মার্চ পাস্টে।

মার্চ পাস্ট শেষে গেমসের ৬৮৫৫ জন ক্রীড়াবিদকে শপথ বাক্য পাঠ করান দেশের দ্রুততম মানব-মানবী মোহন খান ও নাজমুন নাহার বিউটি।

তার আগে গত এক যুগে ক্রীড়াঙ্গনের বিভিন্ন সাফল্যের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

বিকালে ডিজে রাহাত ও ডিজে জেনিফার উপস্থাপনায় শুরু হয় প্রি-শো।

এরপর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশন করে।