২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ গেমস

২০০২ সালে সর্বশেষ বসেছিল বাংলাদেশ গেমসের আসর। দীর্ঘ ১১ বছর পর শনিবার সন্ধ্যায় পর্দা উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন।

অনেক দিন পর হচ্ছে বলে উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। মশাল প্রজ্বালন, ৬০০ শিল্পীর ডিসপ্লে প্রদর্শন, প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণা সব কিছুতেই থাকবে অভিনবত্ব।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের বাজেট প্রায় ৮ কোটি টাকা। গেমসের সর্বমোট বাজেট ২১ কোটি ৭৪ লাখ টাকা।

২০ থেকে ২৮ এপ্রিল ২৭টি ভেন্যুতে এই প্রতিযোগিতা হবে। ২৩০টি দলের ৬,৮৫৫ জন ক্রীড়াবিদ ৩১টি খেলায় ৩৪৬টি সোনা, সমান সংখ্যক রুপা ও ৪৭৭টি ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবেন। ব্রোঞ্জের সংখ্যা বেশি হওয়ার কারণ, কয়েকটি ইভেন্টে দুটি করে ব্রোঞ্জ দেয়া হবে।

বাংলাদেশ গেমসের গত আসরে ছিল ২৫টি খেলা। এবার তার সঙ্গে যোগ হচ্ছে ক্রিকেট, দাবা, ফেন্সিং, রাগবি, উশু ও আর্চারি।

১৯৭৮ সালের ১৫ মার্চ তখনকার ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ গেমসের যাত্রা শুরু হয়। তবে তখন প্রতিযোগিতাটির নাম ছিল বাংলাদেশ অলিম্পিক চ্যাম্পিয়নশিপ।

প্রথম আসরে ১০টি খেলায় ২১টি দলের ১২৩৯ জন ক্রীড়াবিদ অংশ নেন। সাঁতারু মোশাররফ হোসেন খান সবচেয়ে বেশি ১০টি সোনা জিতে গেমসের সেরা ক্রীড়াবিদ হন সেবার। দ্রুততম মানব ও মানবীর সম্মান পান মোশাররফ হোসেন শামীম ও সুফিয়া খাতুন।

প্রথম আসরে বিটিএমসি প্রথম, বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় এবং ঢাকা বিভাগ তৃতীয় হয়।

দুই বছর পর ১৯৮০ সালে গেমসের দ্বিতীয় আসর বসে। ১৯৮৪ সালে হয় তৃতীয় আসর। তৃতীয় আসরেই নাম পরিবর্তন করে বর্তমান বাংলাদেশ গেমসের যাত্রা শুরু।

১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯২ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ এবং ২০০২ সালে সপ্তম বাংলাদেশ গেমস হয়েছিল।