জাতীয় স্মৃতিসৌধ থেকে মশাল-যাত্রা
শনিবার বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। তবে মশাল-যাত্রা শুরু হয়ে গেছে শুক্রবার। সাভার জাতীয় স্মৃতিসৌধে বিকালে মশাল প্রজ্বালন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
প্রধান অতিথি হিসাবে মশাল প্রজ্বালনের পর ক্রীড়া প্রতিমন্ত্রী তা তুলে দেন সাঁতারু লায়লা নূর ও তায়কোয়ান্দো খেলোয়াড় ইমামুল ইসলাম সেলিমের হাতে।
তার আগে মশাল নিয়ে ২২ মিনিটের নান্দনিক প্রদর্শনী উপহার দেয় ক্যান্টমেন্ট বোর্ড বালিকা ও ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া মশাল র্যালি ৪.৩ কিলোমিটার পথ পেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে শেষ হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে কাগজের পতাকা হাতে র্যালিকে স্বাগত জানায় স্কুলের ছাত্র-ছাত্রীরা।
মশাল র্যালিতে সাবেক কৃতি ক্রীড়াবিদরাও অংশ নেন। র্যালিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমিন বাজার, গাবতলী হয়ে আর্মি স্টেডিয়ামে পৌঁছায়।
শনিবার আর্মি স্টেডিয়াম থেকে মোটর শোভাযাত্রাসহ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসবে মশাল। এরপর চার জন ক্রীড়াবিদ মশাল হাতে নিয়ে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূল মশাল প্রজ্বালনের সম্মান পেয়েছেন সাবেক হকি তারকা জুম্মন লুসাই।
