২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ গেমস হচ্ছে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানও তাই জমকালো হতে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বৃহস্পতিবার বাংলাদেশ গেমসের অনুষ্ঠান কমিটির সদস্য সচিব লে. কর্নেল কামরুল হাসান বলেন, “দীর্ঘ দিন পর বাংলাদেশ গেমস হচ্ছে বলে আমরা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।”

উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। সাধারণ দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে বিকেল ৪টায়।

বিকেল ৪টায় ডিজে রাহাত ও ডিজে জেনিফারের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

এরপর বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও পুলিশের বাদক দলের বাদ্যযন্ত্রের মূর্চ্ছনা ছড়িয়ে যাবে স্টেডিয়ামে। এই মূর্চ্ছনা শেষে মাগরিবের আজানের আগ পর্যন্ত গত এক যুগে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন সাফল্যের ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।

সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। থাকবেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার সংগঠন সুরের ধারার শিল্পীরাও।

এরপর গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা মার্চ পাস্টে অংশ নেবেন। মার্চ পাস্ট শেষে ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করাবেন দেশের দ্রুততম মানব-মানবী মোহন খান ও নাজমুন নাহার বিউটি।

তার পরই প্রধানমন্ত্রী গেমসের উদ্বোধন ঘোষণা করবেন। সেখানেও থাকবে নতুনত্ব। প্রধানমন্ত্রী ডিজিটাল বোর্ডে সই করবেন, গ্যালারির দর্শকরা তা দেখতে পারবেন এবং এর ফলে গেমসের উদ্বোধন ঘোষণাও হয়ে যাবে।

উদ্বোধন ঘোষণার পর প্রতিযোগিতার মাসকট ‘তারুণ্য’ স্টেডিয়ামের চারদিক প্রদক্ষিণ করবে। এরপর মশাল জ্বালবেন সাবেক হকি তারকা জুম্মন লুসাই। এখানেও থাকবে অভিনবত্ব। সাধারণত মশালের পাশে দাঁড়িয়ে জ্বালানো হলেও জুম্মন লুসাই কাজটি করবেন মূল মঞ্চে দাঁড়িয়েই।

মশাল প্রজ্জ্বলন শেষে ৩০ মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই পর্বে সঙ্গীত পরিবেশন করবেন শঙ্কর সাঁওজাল।

তবে এই পর্বের প্রধান আকর্ষণ ৬০০ জন শিল্পীর ডিসপ্লে প্রদর্শন। ডিসপ্লের মাধ্যমে তারা গ্রামবাংলার চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অংশগ্রহণ, জাতীয় জীবনে খেলাধূলার ভূমিকা ইত্যাদি ফুটিয়ে তুলবেন।

ইবরার টিপুর পরিচালনায় সুবীর নন্দী, শাকিলা জাফর, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও কনার পরিবেশনায় প্রতিযোগিতার থিম সং দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।