২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের বিপক্ষে খেলবেন মেসি

বার্সেলোনার জন্য সুখবর। বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে সমস্যা নেই লিওনেল মেসির। ম্যাচটি হবে আগামী মঙ্গলবার, বায়ার্নের মাঠে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

প্যারিস সেইন্ট জার্মেইয়ের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রথমার্ধের শেষ দিকে পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় মাঠের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন মেসি। খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিল।

ফিরতি লেগে ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামান বার্সার কোচ টিটো ভিলানোভা। চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের নৈপুণ্যে ম্যাচটি ১-১ গোল ড্র করে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে সেমিফাইনালে চলে যায় বার্সা।

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় গত রোববার স্প্যানিশ লা লিগায় রিয়াল জারাগোজার বিপক্ষে মেসি খেলেননি।