২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিবাদের সিদ্ধান্ত

প্রথমে সুখবর পেলেও পরে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে উঠতে না পারার দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। হতাশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তাই এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) লিগ্যাল কমিটির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

জাতীয় দল কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, “আগামী ১ মে মালয়শিয়ায় অনুষ্ঠেয় এএফসির সভায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবো আমরা। এ জন্য আমরা মালয়শিয়ায় যাচ্ছি।” গত ২৬ মার্চ এএফসির ওয়েবসাইটে বাংলাদেশের চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠার রিপোর্ট প্রকাশ করা হয়। ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সংবাদ ‘টাইমস অফ ইন্ডিয়া’ পত্রিকাতেও প্রকাশিত হয়। কিন্তু তার পর দিনই এএফসির ওয়েবসাইটে এ সংক্রান্ত সব রিপোর্ট মুছে ফেলা হয়। পরে বাফুফেকে চিঠি দিয়ে এএফসি জানিয়ে দেয়, বাইলজের ১৬.১ এর ২নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ বাদ পড়েছে। এরপর বাফুফে বিভিন্ন তথ্য-প্রমাণসহ কয়েকবার এএফসিকে চিঠি দিলেও কোনো লাভ হয়নি। এএফসি তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর আহ্বান জানায় বাফুফেকে। আর তাই বাফুফে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপ রানার্স আপ বাংলাদেশ দ্বিতীয় সেরা রানার্স আপ হিসাবে চূড়ান্ত পর্বে খেলার অপেক্ষায় ছিল। ‘ই’ গ্রুপের খেলা শুরু হওয়ার আগের দিন ব্রুনেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে এএফসির বাইলজ অনুযায়ী বাদ পড়ে যায় বাংলাদেশ। ব্রুনেই নাম প্রত্যাহার করায় উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয় অর্থহীন হয়ে যায়। কারণ এএফসির বাইলজ অনুযায়ী, কোনো দল সরে দাঁড়ালে বাকি সব গ্রুপের সবচেয়ে নিচে থাকা দলের সঙ্গে অন্য দলগুলোর ফলাফল বাতিল হয়ে যায়। তাই প্রথমে বাদ পড়ে গেলেও এই নিয়মের সৌজন্যে বাংলাদেশকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে উঠেছে লাওস।