২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাতেই যেতেন মেসি

কৈশোরে লিওনেল মেসি বার্সেলোনা নয়, রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারতেন বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে কিছু দিন ধরে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মেসির বাবা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

মাত্র ১৩ বছর বয়সে একটি রেস্তোরাঁয় বসে কথা বলার সময় কাগজের ন্যাপকিনের ওপরে লেখা এক চুক্তির মাধ্যমে বার্সায় যোগ দেন মেসি। অনেকের ধারণা, এমন অদ্ভূত চুক্তিপত্রই এ ধরণের গুঞ্জনের উৎপত্তি।

তবে হোর্হে মেসি জানিয়েছেন, সে সময় বার্সেলোনা ছাড়া আর অন্য কোনো দলের কথা তাদের ভাবনাতেও ছিল না।

জার্মানির ক্রীড়াবিষয়ক ম্যাগাজিন ‘কিকার’কে দেয়া এক সাক্ষাৎকারে মেসির বাবা বলেন, “আমার দেখা এটাই (চুক্তিপত্র) সবচেয়ে বিখ্যাত ন্যাপকিন। আমাদের সব সমস্যা সম্পর্কে জানতে চেয়েছিল বার্সা। আমার কর্মক্ষেত্রে তখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল। লিওর (মেসি) তখন শুধু একটা স্কুলের নিবন্ধন ছিল। তাই তার কিছু হারানোরও ছিল না। আর আমরাও বার্সা ছাড়া অন্য কোনো দলের কথাও ভাবতে পারিনি।”

১১ বছর বয়সে ‘গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত মেসির চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য তার বাবার ছিল না। আর তাই স্পেনে পাড়ি জমায় মেসি ও তার পরিবার। চুক্তি অনুযায়ী তার চিকিৎসার খরচ দেয় বার্সা।

সেই উপকারের প্রতিদান কী দুর্দান্তভাবেই না দিয়ে যাচ্ছেন মেসি!