ফাইনালে এল ক্লাসিকোর সম্ভাবনা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কখনো মুখোমুখি হয়নি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে এবারের ফাইনাল এল ক্লাসিকো হওয়ার যথেষ্ট সম্ভাবনা।
২৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সা-বায়ার্ন। পর দিন রিয়াল-বরুসিয়া লড়াই। ফিরতি লেগ হবে ৩০ এপ্রিল ও ১ মে। ফাইনাল ২৫ মে, লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে।
প্রথম লেগে বার্সেলোনা যাবে মিউনিখ সফরে। আর টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে স্বাগত জানাবে ডর্টমুন্ড।
সাফল্যের হারে রিয়াল অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বার্সা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল। গত ৭ বছরে তিন বার ইউরোপ-সেরাদের প্রতিপক্ষ হিসাবে পেয়ে এখনই বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগের কণ্ঠে লড়াইয়ের আভাস।
জার্মানির সাবেক তারকা ফুটবলার বলেন, “গত কয়েক বছরে এই দলটি (বার্সেলোনা) সবচেয়ে সফল দল। আমরা তাদের সমকক্ষ কিনা তা যাচাইয়ের এটাই সুযোগ। ২০০৯ সালের পর বায়ার্ন যে উন্নতি করেছে তা প্রমাণ করার সুযোগও আমাদের সামনে। এই দুই দলের লড়াইয়ে কাউকেই এগিয়ে রাখার উপায় নেই।”
চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দু দল। মিউনিখের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর নিউ ক্যাম্পে ফিরতি লেগে লিওনেল মেসির দুই গোলের সুবাদে বায়ার্নকে ৪-০তে উড়িয়ে দিয়েছিল স্বাগতিক বার্সেলোনা।
ইউরোপের দ্বিতীয়-সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগের সেমিফাইনালের ড্র-ও হয়েছে শুক্রবার।
শেষ চারে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী চেলসির প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বাসেল। আর তুরস্কের ফেনারবাচে লড়বে পর্তুগালের বেনফিকার বিপক্ষে।
সেমিফাইনালের প্রথম লেগ ২৫ এপ্রিল এবং ২ মে হবে ফিরতি লেগ। ফাইনাল ১৫ মে, নেদারল্যান্ডসের আমস্টার্ডামে।
